বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী তিন দিন নন-শিডিউল ফ্লাইটের সব ধরনের খরচ মওকুফ করা হবে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন।
কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় রাত সাড়ে ৮টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আমরা রাত ৯টার মধ্যে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবং তা আমরা করতে পেরেছি।
তিনি আরও বলেন, বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে। ধ্বংসের আর্থিক ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত পণ্যের পরিমাণ নির্ধারণের পাশাপাশি খাতভিত্তিক বিশ্লেষণের কাজও চলমান রয়েছে।





















































































